গাজীপুরের কালিয়াকৈরে মাদকের জেরে বন্ধুর ছুরিকাঘাতে রাজধানী পরিবহনের হেলপার নিহত হয়েছে। এঘটনায় থানায় মামলা দায়ের রুজু হয়েছে ও শাকিল নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৬ আগস্ট) দিবাগত রাতে সাড়ে তিনটার দিকে কালিয়াকৈর ট্রাক স্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

নিহত যুবক আকাশ মিয়া (২২) নওগাঁর বদলগাছি উপজেলার আটাপড়া পাহাড়পুর এলাকার মজিদুল ইসলামের ছেলে। সে কুতুবদিয়া এলাকায় স্ত্রীকে নিয়ে ভাড়া বাড়িতে থেকে রাজধানী পরিবহনের একটি বাসের সহকারী হিসেবে কাজ করতো।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার রাত পৌনে তিনটার দিকে কালিয়াকৈর ট্রাক স্ট্যান্ড এলাকায় মাদক দিয়ে চার বন্ধুর মধ্যে কথা কাটাকাটি হয়। এদিকে বাকবিতন্ডার জেরেে এক পর্যায়ে এক বন্ধুর ছুরিকাঘাতে আকাশ গুরুতর আহত হয়। এসময় ওই তিন বন্ধু ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পরে খবর পেয়ে কালিয়াকৈর থানার টহল পুলিশ ঘটনাস্থল থেকে দ্রুত ওই হেলপারকে আহত অবস্থায় উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। পরে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন মাদক নিয়ে দ্বন্ধে চার বন্ধুর মধ্যে ঝগড়ার এক পর্যায়ে বাস হেলপার আকাশ মিয়াকে ছুরিকাঘাত করে। পরে তাকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করে। এ ঘটনায় থানায় মামলা রুজু হয়েছে। শাকিল নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকী আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
