গাজীপুরের কাপাসিয়ায় স্ত্রী, তিন শিশু কন্যা ও শ্যালকসহ একই পরিবারের পাঁচজনকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শনিবার (৯ মে) ভোরে উপজেলার রাউতকোনা এলাকায় এ মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
হত্যাকাণ্ডের পর ঘরে থাকা স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই
০৮ জুন ২০২৬
গাজীপুর জেলা পুলিশ সুপার (এসপি) মো. শরিফ উদ্দীন বিষয়টি নিশ্চিত করে বলেন, “ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। একই পরিবারের পাঁচজনকে হত্যা করা হয়েছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।”
স্থানীয়রা জানান, রাউতকোনা এলাকার প্রবাসী মনির হোসেনের বাড়িতে তার স্ত্রী ও সন্তানরা বসবাস করতেন। শুক্রবার রাত পর্যন্ত পরিবারের সদস্যদের স্বাভাবিক অবস্থায় দেখা গেলেও শনিবার ভোরে বাড়ির ভেতরে পাঁচজনের গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখা যায়।
কারা এবং কী কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। পুলিশ ঘটনার রহস্য উদ্ঘাটনে কাজ করছে।
