উপজেলা প্রশাসনের কঠোর নজরদারি থাকা সত্ত্বেও বেশি দামে জ্বালানি তেল বিক্রির অপরাধে পঞ্চগড়ের আটোয়ারীতে এক ব্যবসায়ীকে ত্রিশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গত সোমবার সন্ধ্যায় উপজেলার ফকিরগঞ্জ বাজারের সুজন ট্রেডার্স নামের একটি দোকানে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকজন ক্রেতা ডিজেল কিনতে গেলে তাদের কাছে প্রতি লিটার একশো বিশ টাকা দরে বিক্রি করা হয়। উপস্থিত জনতা বিষয়টি প্রশাসনকে জানালে দ্রুত সেখানে পৌঁছান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ওসি। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ওই ব্যবসা প্রতিষ্ঠানের ম্যানেজারকে জরিমানা করা হয় এবং ভবিষ্যতে এমন কাজ থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়।
