প্রচ্ছদ অন্যান্য পুলিশের হয়রানির অভিযোগে গাজীপুরে বিএনপি নেতার সংবাদ সম্মেলন

পুলিশের হয়রানির অভিযোগে গাজীপুরে বিএনপি নেতার সংবাদ সম্মেলন

ডেইলি গাজীপুর ডেস্ক

গাজীপুরে পুলিশের বিরুদ্ধে অন্যায়ভাবে গ্রেপ্তার ও হয়রানির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের নেতা হানিফ সরকার। তিনি কোনাবাড়ী থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য।

শনিবার (১৫ আগস্ট) বিকেলে গাজীপুরের কোনাবাড়ীর আমবাগ এলাকায় নিজ কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন তিনি। এ সময় হানিফ সরকার ও তাঁর পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে দাবি করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে হানিফ সরকার বলেন, জমি সংক্রান্ত একটি পুরোনো বিরোধ নিষ্পত্তির জন্য গত বৃহস্পতিবার সন্ধ্যায় গাজীপুরের কালিয়াকৈর থানাধীন মৌচাক পুলিশ ফাঁড়িতে একটি সালিশি বৈঠক নির্ধারিত ছিল। নির্ধারিত সময়ে তিনি সেখানে উপস্থিত হলে মৌচাক পুলিশ ফাঁড়ির এসআই মনিরুজ্জামান তাঁর বিরুদ্ধে চাঁদাবাজির মামলা রয়েছে বলে জানান। কোনো বক্তব্য শোনার সুযোগ না দিয়েই তাঁকে গ্রেপ্তার করে পরে কালিয়াকৈর থানায় হস্তান্তর করা হয় বলে অভিযোগ করেন তিনি।

আরও খবর

স্বাধীনতা পুরস্কার প্রদান অনুষ্ঠান ১৬ এপ্রিল

০৭ এপ্রিল ২০২৬
Daily Gazipur

হানিফ সরকার বলেন, পরদিন শুক্রবার আদালত থেকে জামিনে মুক্তি পান তিনি। পরে মামলার বিষয়ে জানতে সংশ্লিষ্ট এসআইকে ফোন করলে ওই পুলিশ কর্মকর্তা তাঁর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন,এমন দাবিও করেন হানিফ।

তিনি আরও অভিযোগ করেন, গ্রেপ্তার ও হয়রানির ঘটনার পর থেকে তিনি ও তাঁর পরিবারের সদস্যরা আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। তিনি এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানান।

তবে অভিযোগের বিষয়ে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, সঠিক তদন্তের মাধ্যমে মামলাটি রুজু করা হয়েছে।

সংবাদ সম্মেলনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

 

ফন্ট
লাইন
সেভ