গাজীপুর সংবাদদাতা:
সাম্প্রতিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, গণমাধ্যমে আলোচিত বিষয়ে অবহিত করণ এবং গত ৬ মাসের অপরাধ পরিসংখ্যান নিয়ে সংবাদ সম্মেলন করেছে গাজীপুর মেট্রোপলিট পুলিশ।
মঙ্গলবার (৭ জুলাই) সকাল ১১ টায় গাজীপুর মেট্রোপলিটন কার্যালয়ের কনফারেন্স রুমে গাজীপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
গাজীপুরে হেযবুত তওহীদ সদস্যের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
১২ মে ২০২৬
সংবাদ সম্মেলনে চলতি বছরের প্রথম ছয় মাসে বিভিন্ন অপরাধে ১ হাজার ৮৫৪টি মামলার বিপরীতে ৩ হাজার ২১৭ জনকে গ্রেপ্তার একই সঙ্গে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ঝটিকা মিছিল এবং টঙ্গীতে শক্তি প্রদর্শনের ঘটনায় কঠোর অবস্থানের কথা তুলে ধরেন গাজীপুর মেট্রোপলিটনের পুলিশ কমিশনার মো: ইসরায়েল হাওলাদার।
জিএমপি কমিশনার জানান, জানুয়ারি থেকে জুন পর্যন্ত মহানগর এলাকায় ২০টি হত্যা, ৭টি ডাকাতি, ২৮টি ছিনতাই, ৮১২টি মাদক ও ৬০টি অস্ত্র মামলাসহ মোট ১ হাজার ৮৫৪টি মামলা হয়েছে। এসব ঘটনায় ৩ হাজার ২১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে ১০টি আগ্নেয়াস্ত্র, ২০ রাউন্ড গুলি, বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র এবং ইয়াবা, গাঁজা, হেরোইন, প্যাথেডিন, ফেন্সিডিল ও দেশি-বিদেশি মদসহ বিভিন্ন মাদকদ্রব্য।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর অঙ্গসংগঠনের ঝটিকা মিছিলের ঘটনায় এখন পর্যন্ত ৭টি মামলা হয়েছে। এসব মামলায় ৯৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং আরও শতাধিক ব্যক্তিকে শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এছাড়া টঙ্গী পূর্ব থানার পাগাড় বিসিক এলাকায় ঝুট ব্যবসাকে কেন্দ্র করে শক্তি প্রদর্শনের ঘটনায় একটি মামলা করে এজাহারভুক্ত ও তদন্তে শনাক্তসহ মোট ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভবিষ্যতেও অপরাধ ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে জিএমপির অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।
