স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত বলেছেন, প্রতিটি শিশুর সুরক্ষা নিশ্চিত করতে বর্তমান সরকার বদ্ধপরিকর এবং কেউ এই সেবা থেকে বাদ যাবে না। গত রবিবার (৫ এপ্রিল) সকালে গাজীপুর সদর উপজেলার মির্জাপুর ইউনিয়নে হামের বিশেষ টিকাদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী জানান, ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদের এই টিকার আওতায় আনা হচ্ছে। সারাদেশে ১৮টি জেলার ৩০টি উপজেলায় একযোগে এই কার্যক্রম শুরু হয়েছে। অনুষ্ঠানে তিনি মায়েদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, শিশুদের দ্রুত শনাক্ত ও টিকা প্রদানের মাধ্যমে হামের প্রাদুর্ভাব ঠেকানো সম্ভব। অনুষ্ঠানে বিশ্বস্বাস্থ্য সংস্থা এবং ইউনিসেফের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। প্রতিমন্ত্রী সাংবাদিকদের আশ্বস্ত করেন যে, টিকার কোনো ঘাটতি নেই এবং সরবরাহ নিয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে।
