গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় জব্দ করা ঘোড়া গোপনে বিক্রি করে দেওয়ার গুরুতর অভিযোগে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিনকে প্রত্যাহার করা হয়েছে। গত বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকালে গাজীপুরের পুলিশ সুপার মো. শরিফ উদ্দীন বিষয়টি নিশ্চিত করেন।
ঘটনার বিবরণে জানা যায়, গত ১৭ মার্চ কালিয়াকৈরের খলিশাজানি এলাকার একটি জঙ্গল থেকে জবাই করার প্রস্তুতিকালে ৯টি ঘোড়া উদ্ধার করেছিল পুলিশ। পরে সেগুলো থানা হেফাজতে রাখা হয়। অভিযোগ ওঠে যে, গত ৩১ মার্চ ভোরে ওসি খন্দকার নাসির উদ্দিন গোপনে এক ব্যক্তির কাছে অবশিষ্ট ৮টি ঘোড়া বিক্রি করে দেন (একটি ঘোড়া আগেই মারা গিয়েছিল)। বিষয়টি জানাজানি হলে তোলপাড় শুরু হয়। পরে উপজেলা প্রশাসন ঘোড়াগুলো উদ্ধার করে প্রকাশ্য নিলামের মাধ্যমে বিক্রি করে পরিস্থিতি সামাল দেয়। যদিও ওসি নাসির উদ্দিন দাবি করেছেন তিনি বিক্রি করেননি, বরং জিম্মায় দিয়েছিলেন। তবে প্রাথমিক তদন্তে অনিয়মের প্রমাণ পাওয়ায় তাকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
