গাজীপুরের শ্রীপুরে ডিবিএল গ্রুপের একটি কারখানার তিন কর্মকর্তাকে অপহরণ করে মুক্তিপণ দাবির অভিযোগে একটি চাঁদাবাজ চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার (১ এপ্রিল) রাতে উপজেলার তেলিহাটি ইউনিয়নের ধনুয়া গ্রামে এই নৃশংস ঘটনা ঘটে। অপহরণের শিকার কর্মকর্তারা হলেন নিশাদ, মিঠুন ও অরুপ কুমার।
কারখানা কর্তৃপক্ষ জানায়, কর্মকর্তারা কাজ শেষে বের হওয়ার সময় চিহ্নিত সন্ত্রাসী ইমন ও তার দল তাদের অপহরণ করে নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে কর্মকর্তাদের ওপর এলোপাতাড়ি হামলা চালানো হয় এবং ১ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। পরে ৯৯৯-এ কলের ভিত্তিতে পুলিশ রক্তাক্ত অবস্থায় কর্মকর্তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। গ্রেপ্তারকৃতরা হলেন শাহীন আলম, নয়ন মিয়া, রবিন, দুলাল মিয়া ও মাহাবুব হোসেন। ঘটনার মূল হোতা ইমন এখনো পলাতক রয়েছে এবং তাকে গ্রেপ্তারে অভিযান চলছে।
