গাজীপুর জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত পৃথক অভিযানে এলপি গ্যাস সিলিন্ডার অতিরিক্ত মজুত রাখা এবং সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রির দায়ে ৩টি প্রতিষ্ঠানকে ৬ লাখ টাকা জরিমানা করেছে। গত শনিবার (৪ এপ্রিল) বিকাল ৪টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত মহানগরীর বিলাশপুর, দেশীপাড়া ও কালীগঞ্জে এই অভিযান চালানো হয়।
অভিযানে দেশীপাড়া এলাকার খাজা গরিবে নেওয়াজ স্টিল বিতানে ১৫ হাজার সিলিন্ডার অবৈধভাবে মজুত রাখার দায়ে ৪ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া জননী এন্টারপ্রাইজকে ৫০ হাজার এবং কালীগঞ্জের ভুরুলিয়ার একটি প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুবকর সিদ্দিক জানান, ভোক্তা অধিকার নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত চলবে।
