আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ঘরমুখো মানুষের নিরাপত্তা নিশ্চিত এবং সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে নিরলসভাবে কাজ করছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)। ঈদযাত্রাকে স্বস্তিদায়ক করতে দিন-রাত মাঠে দায়িত্ব পালন করছেন পুলিশ সদস্যরা।
বিশেষ করে ব্যস্ততম সড়কগুলোতে রোদ-বৃষ্টি উপেক্ষা করে সরাসরি দায়িত্ব পালন করতে দেখা গেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) বেলায়েতকে। তাঁর সক্রিয় উপস্থিতি সাধারণ যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরিয়েছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ইসরাইল হাওলাদারের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ কমিশনার মো. জাহিদ মিয়া, অতিরিক্ত পুলিশ কমিশনার বেলায়েত, অতিরিক্ত পুলিশ কমিশনার চৌহান, ডিসি (ক্রাইম) শফিকুর রহমান এবং এডিসি মো. রবিউল হাসানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা সরাসরি মাঠে থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।
শিল্পসমৃদ্ধ গাজীপুরে প্রায় ২৭ লাখ মানুষের বসবাস। এখানে রয়েছে প্রায় ২১ থেকে ২২ হাজার শিল্প-কারখানা, যেখানে কর্মরত আছেন ১০ থেকে ১৫ লাখ গার্মেন্টস শ্রমিক। প্রতি ঈদে এসব শ্রমিক ও সাধারণ মানুষের বড় একটি অংশ গ্রামের বাড়িতে ফিরতে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ব্যবহার করেন। এতে মহাসড়কগুলোতে ব্যাপক যানবাহনের চাপ সৃষ্টি হয়।
গাজীপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৩০ জনকে আটক করেছে পুলিশ
২৮ এপ্রিল ২০২৬
সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রতি ঈদে গাজীপুর হয়ে দেশের উত্তরাঞ্চল ও বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলে প্রায় ৩০ থেকে ৩৫ লাখ মানুষ যাতায়াত করেন। এত বিপুল সংখ্যক মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন রাখা বড় চ্যালেঞ্জ হলেও তা মোকাবিলায় সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করছে জিএমপি।
জিএমপির আটটি থানার প্রতিটি ইউনিটের সদস্যরা মাঠে থেকে যান চলাচল নিয়ন্ত্রণ, নিরাপত্তা নিশ্চিত এবং যাত্রীসেবায় নিয়োজিত রয়েছেন। সরেজমিনে দেখা গেছে, ওসি থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা ব্যস্ত সড়কগুলোতে সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছেন।
দেশের অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল গাজীপুরে অস্থায়ীভাবে বসবাসরত বিপুল সংখ্যক মানুষের নিরাপত্তা নিশ্চিত করাও বড় দায়িত্ব। সেই দায়িত্ব পালনে ঈদযাত্রাকে স্বস্তিদায়ক করতে রাত-দিন একাকার করে কাজ করে যাচ্ছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।
