গাজীপুরে অবৈধভাবে বিপুল পরিমাণ সিগারেট মজুদ করার দায়ে এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে প্রায় ১০ লাখ টাকা মূল্যের সিগারেট জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (১৭ জুন) গাজীপুর সদর উপজেলার বানিয়ারচালা এলাকায় এ অভিযান পরিচালনা করেন গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈন খান এলিস।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন, ১৯৫৬-এর ৩ ও ৬ ধারায় একটি মামলা দায়ের করে স্থানীয় ব্যবসায়ী ইয়াসিন আরাফাতকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি ওই এলাকার নাজিমুদ্দিনের ছেলে। আদায়কৃত জরিমানার অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
গাজীপুরে কৃষক লীগ নেতাকে আটকের পর ২ লাখে ছেড়ে দেওয়ার ঘটনায় এসআই প্রত্যাহার
০৫ জুলাই ২০২৬
এ ছাড়া অবৈধভাবে মজুদ করা প্রায় ১০ লাখ টাকা মূল্যের সিগারেট জব্দ করা হয়। জব্দকৃত মালামাল পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় ইউনিয়ন পরিষদের এক সদস্যের জিম্মায় রাখা হয়েছে।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নিত্যপ্রয়োজনীয় ও নিয়ন্ত্রিত পণ্যের অবৈধ মজুদ, কৃত্রিম সংকট সৃষ্টি এবং বাজারে অস্থিরতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
অভিযানে সার্বিক সহযোগিতা করেন র্যাব-১-এর কোম্পানি কমান্ডার ক্যাপ্টেন ইফতেখার আহমেদ, সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) দেবজিত পাল, পোড়াবাড়ী ক্যাম্পের স্কোয়াড কমান্ডারসহ র্যাব-১-এর সদস্যবৃন্দ এবং আনসার সদস্যরা।
