গাজীপুর মহানগরীর টঙ্গী পশ্চিম থানা এলাকায় অভিযান চালিয়ে ডাকাতি ও ছিনতাইয়ের প্রস্তুতিকালে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১২ জুলাই) ভোররাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আউচপাড়া এলাকার টোকিও টাওয়ারের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, ঝালকাঠির নলছিটি থানার হৃদয় হোসেন আব্দুল্লাহ, কালিয়াকৈরের চন্দ্রা এলাকার রাকিব, জয়দেবপুরের নয়াপাড়ার কফিল উদ্দিন এবং টঙ্গী পশ্চিম থানার কড়ইতলা বস্তির আনোয়ার হোসেন।
পুলিশ জানায়, ভোরে এসআই মনোহর আলীর নেতৃত্বে টহলরত একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, টোকিও টাওয়ারের সামনে কয়েকজন ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে অবস্থান করছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে তারা। পরে ধাওয়া দিয়ে চারজনকে আটক করা হয়। আটকদের তল্লাশি করে একটি ২৫ ইঞ্চি লম্বা লোহার ছুরি এবং ১২ ও ১০ ইঞ্চি মাপের তিনটি ধারালো চাকু উদ্ধার করে জব্দ করা হয়।
কোনাবাড়ীতে ১৩ লাখ টাকার বিদেশি মদ ও গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার
২৮ এপ্রিল ২০২৬
পুলিশের দাবি, দীর্ঘদিন ধরে তারা টঙ্গী পূর্ব ও পশ্চিম থানা এলাকায় দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে চুরি, ছিনতাই ও ডাকাতিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল।
তাদের বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানায় মামলা দায়ের করা হয়েছে। পরে গ্রেপ্তারকৃত চারজনকে বিকেলে আদালতে পাঠানো হয়।
