গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে স্থানীয় ধর্মীয় নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তারা বলেছেন, নিরাপদ অভিবাসনের সঠিক তথ্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে পারলে এবং অনিয়মিত পথে বিদেশ যাওয়ার পেছনের কারণগুলো চিহ্নিত করে ব্যবস্থা নিলে মানবপাচার ও চোরাচালান রোধ করা সম্ভব।
সোমবার (২৭ এপ্রিল) সকালে কালিয়াকৈর উপজেলার মডেল মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। অস্ট্রেলিয়া সরকারের অর্থায়নে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম আয়োজিত ‘ম্যাস ক্যাম্পেইন টু কমব্যাট হিউম্যান ট্রাফিকিং অ্যান্ড পিপল স্মাগলিং’ প্রকল্পের আওতায় এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইসলামিক ফাউন্ডেশন কালিয়াকৈরের ফিল্ড সুপারভাইজার মোঃ আমিনুল ইসলাম বলেন, ভালো জীবনের আশায় অনেকেই না জেনে-না বুঝে অনিয়মিত পথে বিদেশে যাওয়ার চেষ্টা করেন। এতে তারা মানবপাচার ও চোরাচালানের শিকার হন। এ ক্ষেত্রে ব্র্যাকের উদ্যোগ প্রশংসনীয়, তবে সফলতার জন্য সমাজের সব স্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন।
মধ্যপ্রাচ্যের সংঘাতে ফিলিপাইনের নাগরিক নিহত
০৭ এপ্রিল ২০২৬
তিনি আরও বলেন, আজকের সভায় উপস্থিত আলেম-ইমামরা যদি নিজ নিজ অবস্থান থেকে জনগণকে সচেতন করেন, তাহলে মানবপাচার প্রতিরোধ অনেক সহজ হবে। একই সঙ্গে মানুষ কেন ও কীভাবে এসবের শিকার হচ্ছে, সে বিষয়েও নজর দিয়ে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের সেন্টার ম্যানেজার তন্ময় ধরের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এন্টি-ট্রাফিকিং ক্যাম্পেইনের ম্যানেজার শাহনাজ পারভীন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডেপুটি ম্যানেজার মোঃ শিহাবুল হোসেন।
সভায় জেলার বিভিন্ন মসজিদ ও ধর্মীয় প্রতিষ্ঠানের ইমাম, মোয়াজ্জিন, মোহতামিম, মাদ্রাসার শিক্ষক, ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তাসহ ব্র্যাকের কর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১৯৭২ সালে প্রতিষ্ঠিত ব্র্যাক দেশের অন্যতম বৃহৎ উন্নয়ন সংস্থা হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। ২০০৬ সাল থেকে তাদের মাইগ্রেশন প্রোগ্রামের মাধ্যমে নিরাপদ অভিবাসন বিষয়ে সচেতনতা বৃদ্ধি, মানবপাচার প্রতিরোধ, বিদেশফেরতদের পুনর্বাসন এবং অভিবাসন খাতে বিভিন্ন সহায়তামূলক কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।

