জ্বালানি তেল বিক্রিতে বিশৃঙ্খলা ও কালোবাজারি রোধে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মোবাইল অ্যাপসের মাধ্যমে তেল বিক্রির প্রস্তুতি নেওয়া হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং ফিলিং স্টেশনের মালিকদের উপস্থিতিতে এই বিষয়ে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সিদ্ধান্ত অনুযায়ী, অ্যাপসের মাধ্যমে পরীক্ষামূলকভাবে এই কার্যক্রম শুরু হবে। একজন গ্রাহক একবার মাত্র পাঁচশো টাকার জ্বালানি নিতে পারবেন এবং অ্যাপসে তার গাড়ির লাইসেন্সসহ সব তথ্য সংরক্ষিত থাকবে। এতে করে একই ব্যক্তির বারবার তেল নেওয়া বন্ধ হবে এবং ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকার ভোগান্তি অনেকটাই কমে আসবে বলে প্রশাসন ও সাধারণ মানুষ আশা প্রকাশ করছেন।
