বরগুনার তালতলী উপজেলার অন্তত একাত্তরটি খাল অবৈধ দখল, দূষণ ও পলি জমে ভরাট হয়ে অস্তিত্ব সংকটে পড়েছে। এর ফলে শুষ্ক মৌসুমে সেচের পানির তীব্র সংকট এবং বর্ষায় কৃত্রিম জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় বিঘার পর বিঘা কৃষিজমি অনাবাদি পড়ে থাকছে।
কৃষকদের অভিযোগ, প্রভাবশালীরা খালের মুখ দখল করে পাকা স্থাপনা নির্মাণ করায় পানির প্রবাহ পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এতে বোরো বা রবি শস্য আবাদ ব্যাহত হওয়ার পাশাপাশি বর্ষায় ফসল পচে গিয়ে তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। উপজেলা প্রশাসন জানিয়েছে, দখলমুক্ত করে খালগুলো দ্রুত পুনর্খননের উদ্যোগ নেওয়া হয়েছে।
