গাজীপুরের কালিয়াকৈরে সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত আজিবর রহমান (৪৭) ২৬ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে মারা গেছেন। বুধবার (১৯ আগস্ট) ভোররাতে কেপেজি বিশেষায়িত হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষ ও থানা পুলিশ নিশ্চিত করেছে।
গত ২৩ জুলাই রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ফটিকমাকেট এলাকা থেকে অটোরিকশাযোগে নিজ বাড়ি ঠাকুরপাড়ায় ফেরার পথে চলন্ত অটোরিকশায় আজিবরের ওপর অতর্কিত হামলা চালানো হয়। এ সময় ধারালো দেশীয় অস্ত্র ও লোহার পাইপ দিয়ে সুমন, সাগর ও তাদের বাবা শরিফসহ কয়েকজন তাকে মারধর করে গুরুতর আহত করেন বলে অভিযোগ রয়েছে।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কেপেজি বিশেষায়িত হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে আইসিইউতে স্থানান্তর করেন। মস্তিষ্কে জটিলতা দেখা দিলে একাধিক দফায় অস্ত্রোপচার করা হয়। দীর্ঘদিন লাইফ সাপোর্টে থাকার পর ৬ আগস্ট দ্বিতীয় দফা এবং ১৩ আগস্ট তৃতীয় দফা অস্ত্রোপচার করা হয়। এরপরও তার অবস্থার উন্নতি না হলে পুনরায় লাইফ সাপোর্টে নেওয়া হয়।
দীর্ঘ ২৬ দিন অচেতন অবস্থায় আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর বুধবার ভোররাতে আজিবর রহমান শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এ ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমেছে ।
কালিয়াকৈর থানার অফিসার্স ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম জানিয়েছে, হামলার ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
গাজীপুরে ১৩২ বোতল বিদেশি মদসহ আটক ৪
১৮ মে ২০২৬
