দেশের স্বাস্থ্যসেবার মান উন্নয়ন এবং তা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নিয়েছে সরকার। আজ মঙ্গলবার (৭ এপ্রিল ২০২৬) জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল এই তথ্য জানান।
তিনি বলেন, সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী ধাপে ধাপে এই নিয়োগ কার্যক্রম বাস্তবায়ন করা হবে। ইতোমধ্যে বিভিন্ন বিসিএসের মাধ্যমে কয়েক হাজার চিকিৎসক ও ডেন্টাল সার্জন নিয়োগ দেওয়া হয়েছে। এদিকে করোনা মহামারি মোকাবিলায় সরকার এ পর্যন্ত প্রায় চার হাজার চারশো কোটি টাকা শুধু ভ্যাকসিন কিনতেই ব্যয় করেছে বলে মন্ত্রী সংসদকে নিশ্চিত করেন। ভ্যাকসিন কার্যক্রমে সম্পূর্ণ স্বচ্ছতা বজায় রাখা হয়েছে বলেও তিনি দাবি করেন।
