গাজীপুরে জেলা নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলার খাদ্য ব্যবস্থাপনায় কঠোর নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার (০২ সেপ্টেম্বর ২৬) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, গাজীপুরের আয়োজনে নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় কমিটির সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক শাহরিয়ার নজির।
জেলা নিরাপদ খাদ্য অফিসার ফারজানা ইয়াসমিনের উপস্থাপনায় সভায় পুলিশ সুপার, সিভিল সার্জন, পরিবেশ অধিদপ্তর, প্রকৌশল অধিদপ্তর, এনএসসাই, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের প্রতিনিধি, প্রাণিসম্পদ কর্মকর্তা, মৎস কর্মকর্তা, খাদ্য ব্যবসা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহের প্রতিনিধি, খাদ্য উৎপাদন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহের প্রতিনিধি, খাদ্য প্রক্রিয়াকরণ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহের প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি ও গণমাধ্যমের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
সভায় সুশীল সমাজের প্রতিনিধি বাংলাদেশ রিভার ফাউন্ডেশনের চেয়ারম্যান মনির হোসেন নদীদূষণের কারণে শস্য ও শাকসবজিতে হেভিমেটাল ভারীধাতুর ঝুঁকি বিষয়ে অবহিত করেন।
গণমাধ্যম প্রতিনিধি মাছরাঙা টেলিভিশনের জেলা প্রতিবেদক ফারদিন ফেরদৌস নিবন্ধনবিহীন যত্রতত্র মুরগির ফার্ম গড়ে তোলা এবং এর কারণে ফসলি জমি ও বিলের মাছ দূষণে জর্জরিত হওয়ার ঝুঁকি বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করেন।
সভায় নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে বিএসটিআই ও ভোক্তা অধিদপ্তরকে নিয়মিত খাদ্যপণ্য কারখানা ও বাজার মনিটরিং এর নির্দেশনা দেয়া হয়।
সংশ্লিষ্ট প্রতিনিধিদের পর্যবেক্ষণ আমলে নিয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাহরিয়ার নজির জানান, জনগণের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে খাদ্য পণ্য উৎপাদন ও বিপণনের সাথে জড়িতদেরকে কঠোর নজরদারির আওতায় আনতে হবে। সেইসাথে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দেশের প্রচলিত আইন মেনে আইন প্রয়োগকারী সংস্থাকে সর্বোত সহায়তা করতে হবে। যেকোনো মূল্যে জেলা প্রশাসনের তরফে নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা নিশ্চিত করা হবে বলেও তিনি জানান
