গাজীপুর মহানগরীর বাসন থানা এলাকা থেকে ১২০ কেজি গাঁজা ও একটি কাভার্ড ভ্যান উদ্ধার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।
বৃহস্পতিবার (২৫ জুন) বাসন থানাধীন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ভোগড়া এলাকায় অভিযান চালিয়ে গাজীপুর মহানগর ডিবি পুলিশের উত্তর বিভাগ এসব মাদকদ্রব্য উদ্ধার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন- কুমিল্লা জেলার তিতাস থানার দাসকান্দি এলাকার মো: হুমায়ুন কবিরের ছেলে মো. ইমন শাহরিয়ার (২৮) এবং একই জেলার মুরাদনগর থানার ঘোড়াশাল এলাকার আব্দুল মালেকের ছেলে মো: শরিফ (২৮)।
গাজীপুরে মহাসড়কে যুবলীগের মিছিল: সামনে আইবি না, পুলিশকে হুমকি
২১ জুন ২০২৬
ডিবি পুলিশ জানায়, উদ্ধার করা ১২০ কেজি গাঁজার বর্তমান বাজারমূল্য আনুমানিক প্রায় ৩৬ লাখ টাকা।
পুলিশ আরও জানায়, বাসন থানাধীন ভোগড়া এলাকার কামাল হোসেনের গাড়ির ওয়ার্কশপের সামনে মাদক বিক্রয়ের উদ্দেশ্যে কয়েকজন অবস্থান করছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশের উত্তর বিভাগের এসআই মো. কামরুল হাসান ও এএসআই মো. আলামিন হোসেনের নেতৃত্বে একটি দল অভিযান পরিচালনা করে। অভিযানে ১২০ কেজি গাঁজা, একটি কাভার্ড ভ্যান জব্দ এবং দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত ইমন শাহরিয়ারের বিরুদ্ধে পূর্বে একটি মাদক মামলা এবং শরিফের বিরুদ্ধে একটি দস্যুতা মামলা রয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে ডিবি পুলিশ।
