প্রযুক্তির অগ্রযাত্রায় চিঠি লেখার চল হারিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ঝিনাইদহের কালীগঞ্জ শহরের ঐতিহ্যবাহী লাল রঙের ডাকবাক্সগুলোও আজ প্রায় অব্যবহৃত ও অযত্নে পড়ে আছে। একসময় মানুষের আবেগ, ভালোবাসা আর জরুরি বার্তার প্রধান মাধ্যম ছিল এই ডাকবাক্স।
এখন মোবাইল, ইমেইল ও মেসেঞ্জারের যুগে মানুষ মুহূর্তেই যোগাযোগ করতে পারে। ফলে চিঠির আদান প্রদান তলানিতে এসে ঠেকেছে এবং ডাকপিয়নদের সেই আগের ব্যস্ততা আর নেই। অযত্নে পড়ে থাকায় ডাকবাক্সগুলোকে লতাপাতা জড়িয়ে ধরেছে। আধুনিকতার ছোঁয়ায় ডাক বিভাগের সেবার ধরন কিছুটা পরিবর্তন হলেও সাধারণ মানুষের কাছে এর আবেদন অনেকাংশেই ম্লান হয়ে গেছে।
