চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় স্ত্রীর দেওয়া তালাকের নোটিশ মেনে নিতে না পেরে বুকে স্ত্রীর ছবি ঝুলিয়ে এক যুবক আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। শনিবার (২৭ জুন) সকালে উপজেলার ১১ নম্বর পশ্চিম হাটিলা ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের উত্তর পাটোয়ারী বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত শান্ত ওই গ্রামের আবুল বাসারের ছেলে। তাদের দাম্পত্য জীবনে একটি ছেলে সন্তান রয়েছে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ চলছিল। একপর্যায়ে শান্তর স্ত্রী তালাকের আইনি প্রক্রিয়া শুরু করেন। এ বিরোধ মীমাংসার জন্য শনিবার সকালে স্থানীয়ভাবে একটি সালিশ বৈঠক হওয়ার কথা ছিল। তবে সালিশ শুরুর আগেই নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন শান্ত বলে পরিবারের দাবি।
মনোনয়ন পাননি মির্জা আব্বাসের স্ত্রী
২০ এপ্রিল ২০২৬
সকালে পরিবারের সদস্যরা তাকে ঘরের ভেতরে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়দের সহায়তায় উদ্ধার করেন। খবর পেয়ে হাজীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ চাঁদপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
স্বজন ও স্থানীয়দের দাবি, আত্মহত্যার সময় শান্ত তার বুকে স্ত্রীর একটি ছবি ঝুলিয়ে রেখেছিলেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয়দের ভাষ্য, দাম্পত্য কলহ ও তালাকের বিষয়টি নিয়ে শান্ত মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে।
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
