পটুয়াখালীর কালিকাপুর ছালেহিয়া দাখিল মাদ্রাসার সুপার মো. জব্বারের বিরুদ্ধে নিয়ম ভেঙে অবৈধভাবে ম্যানেজিং কমিটি গঠনের অভিযোগ উঠেছে। মাদ্রাসার প্রতিষ্ঠাতা জয়নুল আবেদিনের লিখিত অভিযোগের ভিত্তিতে আজ মঙ্গলবার (৭ এপ্রিল ২০২৬) উপজেলা শিক্ষা কর্মকর্তা বিষয়টি সরেজমিন তদন্ত করেন।
অভিযোগে বলা হয়েছে, গত ফেব্রুয়ারি মাসে কমিটি গঠনের একটি মিটিংয়ে সভাপতির নাম প্রস্তাব নিয়ে দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়। এরপর প্রতিষ্ঠাতা সদস্যকে না জানিয়েই সুপার নিজের পছন্দমতো অভিভাবক ও শিক্ষক প্রতিনিধি নিয়ে একটি এডহক কমিটি বোর্ডে পাঠিয়ে দেন। এমনকি যারা মাদ্রাসার ছাত্র নয়, তাদের অভিভাবকদেরও ভোটার তালিকায় রাখা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। তবে সুপার দাবি করেছেন, তিনি নিয়ম মেনেই সব করেছেন।
