নীলফামারীর ডিমলা উপজেলায় নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে পাঁচ ঘণ্টা আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় ভুক্তভোগীর নানি বাদী হয়ে ডিমলা থানায় দুই যুবককে আসামি করে একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, ওই ছাত্রী তার নানাবাড়িতে থেকে পড়াশোনা করতেন। গত রোববার তার নানি ও মা চিকিৎসার জন্য রংপুর গেলে বাড়িতে একা থাকার সুযোগ নেয় অভিযুক্তরা। প্রতিবেশী কাজল রানা ও মুন্না ইসলাম মান্নান তাকে জোরপূর্বক পাশের একটি ভুট্টাক্ষেতে তুলে নিয়ে যায় এবং পালাক্রমে ধর্ষণ করে। সন্ধ্যায় গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করা হয়। ডিমলা থানা পুলিশ জানিয়েছে, ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে এবং আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
