গাজীপুরের শ্রীপুরে কালবৈশাখী ঝড়ে দোকানের চাল ধসে চাপা পড়ে সিরাজুল ইসলাম (৭২) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গত সোমবার (৬ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার টেপিরবাড়ি ছাতিরবাজার এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত সিরাজুল ইসলামের বাড়ি টাঙ্গাইলের নাগরপুর উপজেলায়।
নিহতের ছেলে শাহিন জানান, তারা বাবা-ছেলে মিলে শ্রীপুরে বাঁশ দিয়ে ঘরের সিলিং তৈরির কাজ করতেন এবং ওই দোকানের ভেতরেই ঘুমাতেন। ঝড়ের সময় বাঁশের তৈরি সিলিং ধসে সিরাজুল ইসলাম আটকা পড়েন। পরদিন সকালে স্থানীয়রা ঘরের চালার নিচ থেকে তার মৃতদেহ উদ্ধার করে। শ্রীপুর থানার পরিদর্শক সঞ্জয় সাহা জানিয়েছেন, পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
