গাজীপুরে দুটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় একটি নম্বরপ্লেটহীন মোটরসাইকেল জব্দ করা হয়। মঙ্গলবার (১৪ জুলাই) গাজীপুর মহানগরীর সদর থানাধীন পাজুলিয়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সদর থানা পুলিশ এসব অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার ও জড়িতদের গ্রেফতার করে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কার্যালয়ে বুধবার সকালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ বেলায়েত হোসেন।
সংবাদ সম্মেলনে তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানাধীন পাজুলিয়া এলাকায় অভিযান চালায় পুলিশ। অভিযানে অবৈধ ২টি বিদেশি পিস্তল, ১০ রাউন্ড গুলি, ২টি ম্যাগাজিন এবং নম্বরপ্লেটহীন একটি মোটরসাইকেলসহ দুইজনকে গ্রেফতার করা হয়।
গাজীপুরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৪
১২ জুলাই ২০২৬
গ্রেফতারকৃতরা হলেন- লক্ষ্মীপুর জেলার রায়পুর থানার খোকনের ছেলে মো. তানজিম আহমেদ সোহেল (৩০) এবং গাজীপুর মহানগরীর সদর থানাধীন নীলেরপাড়া এলাকার মো. তোফাজ্জল হোসেনের ছেলে বাবু (৩০)। তানজিম আহমেদ সোহেল বর্তমানে সদর থানাধীন একটি ভাড়া বাসায় বসবাস করছিলেন।
অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ বেলায়েত হোসেন আরও জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
