প্রচ্ছদ অন্যান্য গাজীপুরে অনুমোদনহীন দুই চীনা ব্যাটারি কারখানায় অভিযান, জরিমানা ২ লাখ

গাজীপুরে অনুমোদনহীন দুই চীনা ব্যাটারি কারখানায় অভিযান, জরিমানা ২ লাখ

ডেইলি গাজীপুর ডেস্ক
গাজীপুর মহানগরীর কাশিমপুরে অনুমোদনহীন ও প্রয়োজনীয় কাগজপত্র ছাড়াই ব্যাটারি উৎপাদন ও বাজারজাত করার অভিযোগে দুটি চীনা মালিকানাধীন কারখানায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে প্রতিষ্ঠান দুটিকে মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) জেলা এনএসআই গাজীপুর কার্যালয়ের তথ্যের ভিত্তিতে কাশিমপুর থানাধীন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
জেলা প্রশাসকের কার্যালয়, গাজীপুরের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সালেহুর রহমানের নেতৃত্বে প্রথমে কাশিমপুর থানার ১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ পানিশাইল এলাকায় অবস্থিত ‘টংগুইদা’ নামের একটি কারখানায় অভিযান চালানো হয়। দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পরিচালিত অভিযানে বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই ব্যাটারি উৎপাদন ও বাজারজাত করার সত্যতা পাওয়া যায়।
এ ঘটনায় বিএসটিআই আইন, ২০১৮-এর ১৫(২৭) ধারা অনুযায়ী ৫০ হাজার টাকা এবং ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮-এর ৪০, ২৪ ও ৫৫ ধারায় আরও ১ লাখ টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানটিকে মোট ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করে তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
পরে বিকেলে কাশিমপুর থানার ১ নম্বর ওয়ার্ডের মাধবপুর এলাকায় অবস্থিত ‘টাইগার ব্যাটারী’ নামের চীনা মালিকানাধীন আরেকটি কারখানায় অভিযান চালানো হয়।
অভিযানে প্রয়োজনীয় অনুমোদন ও কাগজপত্র ছাড়াই অবৈধভাবে ব্যাটারি উৎপাদন ও বাজারজাত করার সত্যতা পায় । পরে বিএসটিআই আইন, ২০১৮-এর ৩১ ধারা অনুযায়ী প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুটি প্রতিষ্ঠান থেকে সর্বমোট ২ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
ফন্ট
লাইন
সেভ