গাজীপুর সদরে অবস্থিত ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) ক্যাম্পাসে নতুন উপাচার্যের যোগদানকে কেন্দ্র করে শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে পুলিশ সদস্য, ইউএনও, সাংবাদিক ও শিক্ষার্থীসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে।
রোববার (১৭ মে) সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে এ ঘটনা ঘটে। সম্প্রতি প্রকাশিত প্রজ্ঞাপনে অধ্যাপক ড. মোহাম্মদ ইকবালকে ডুয়েটের নতুন ভিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়। দায়িত্ব গ্রহণের জন্য তিনি ক্যাম্পাসে এলে একদল শিক্ষার্থী তাকে অবাঞ্ছিত ঘোষণা করে মূল ফটকে তালা লাগিয়ে বিক্ষোভ শুরু করে। এ সময় ভিসিকে স্বাগত জানানো আরেক পক্ষ ফটক খুলে ভেতরে প্রবেশের চেষ্টা করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
পরবর্তীতে উভয় পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে কয়েকজন পুলিশ সদস্য, গাজীপুর সদর উপজেলার ইউএনও সাজ্জাত হোসেন, সাংবাদিক ও শিক্ষার্থীরা আহত হন। পরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
আন্দোলনকারী শিক্ষার্থীদের দাবি, বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ শিক্ষকদের মধ্য থেকে ভিসি নিয়োগ দেওয়া উচিত। অন্যদিকে, নতুন ভিসির সমর্থক শিক্ষার্থীরা অভিযোগ করেন, একটি পক্ষ পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে।
গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, শিক্ষার্থীদের একটি অংশ গেটের ভিতরে অবস্থান নিয়ে ইটপাটকেল নিক্ষেপ করেছে। এতে গেটের বাইরে থাকা পুলিশ, সাংবাদিক ও সাধারণ ছাত্রসহ ১৪/১৫ জন আহত হছে। আমরা ঘটনাস্থলে অবস্থান করছি। ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।
