রাজধানীর উত্তরায় একটি আবাসিক বাসায় রাসায়নিক ল্যাব তৈরি করে মাদক বানানোর অভিযোগে তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আজ মঙ্গলবার (৭ এপ্রিল ২০২৬) এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়।
ভ্রমণ ভিসায় বাংলাদেশে এসে এই চক্রটি অত্যন্ত গোপনে কোকেনের মতো দেখতে একধরনের মাদক তৈরি করত, যা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বিদেশে পাচার করা হতো। পার্সেলের ভেতরে লুকানো মাদক উদ্ধারের পর প্রযুক্তি ব্যবহার করে এই ল্যাবের সন্ধান পায় গোয়েন্দারা। অভিযানে বিপুল পরিমাণ রাসায়নিক, ল্যাব সরঞ্জাম এবং কিটামিন উদ্ধার করা হয়। চক্রটি ডার্ক ওয়েব ব্যবহার করে মাদকের অর্ডার নিত এবং ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে লেনদেন করত বলে জানা গেছে।
