প্রচ্ছদ অপরাধ জয়দেবপুরে ইমামের বিরুদ্ধে ঝাড়ফুঁকের নামে নারীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

জয়দেবপুরে ইমামের বিরুদ্ধে ঝাড়ফুঁকের নামে নারীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

ডেইলি গাজীপুর ডেস্ক

গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকায় মেয়ের পারিবারিক সমস্যা সমাধানের কথা বলে ঝাড়ফুঁকের নামে এক নারীকে অচেতন করে ধর্ষণের অভিযোগ উঠেছে স্থানীয় একটি মসজিদের ইমামের বিরুদ্ধে। এই ঘটনায় জয়দেবপুর থানায় লিখিত অভিযোগ দেওয়া হলেও এখন পর্যন্ত পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়নি বলে ভুক্তভোগী দাবি করেছেন।

ভুক্তভোগী ওই নারী তার অভিযোগে উল্লেখ করেছেন যে স্থানীয় বাসিন্দা আব্দুল হাদী (৫০) নিজেকে মসজিদের ইমাম ও কবিরাজ হিসেবে পরিচয় দিয়ে তার মেয়ের পারিবারিক সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছিলেন। এই অজুহাতে তিনি ওই নারীর কাছ থেকে দীর্ঘ দিন ধরে বিভিন্ন সময়ে মোট ৮১ হাজার টাকা হাতিয়ে নেন।

অভিযোগ অনুযায়ী, গত ২৮ মার্চ সকালে ওই নারী ঝাড়ফুঁকের জন্য আব্দুল হাদীর বাড়িতে গেলে তাকে একটি ঘরে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে একটি তরল ঔষধ খাওয়ানো হয়েছিল। সেটি পান করার পর তিনি জ্ঞান হারিয়ে ফেললে তাকে ধর্ষণ করা হয়। জ্ঞান ফেরার পর তিনি বিষয়টি বুঝতে পারেন।

আরও খবর

খুলনায় যুবদল নেতা হত্যা মামলার আসামি গ্রেপ্তার

০৭ এপ্রিল ২০২৬
Daily Gazipur

ভুক্তভোগী আরও জানান, এই ঘটনার প্রতিবাদ করায় আব্দুল হাদী তাকে ও তার পরিবারকে হত্যার হুমকি দিয়েছেন। এমনকি কালো জাদু করে তার মেয়ের সংসার ভেঙে দেওয়ার ভয়ভীতি দেখানো হয়েছে। স্থানীয়দের মতে, অভিযুক্ত ব্যক্তি দীর্ঘ দিন ধরে ধর্মীয় পরিচয় ব্যবহার করে এলাকায় এ ধরনের কর্মকাণ্ড পরিচালনা করতেন। এর আগে বিতর্কের কারণে তাকে একটি মসজিদের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। বর্তমানে তিনি পাশের গ্রামের অন্য একটি মসজিদে ইমামের দায়িত্ব পালন করছেন।

এদিকে অভিযোগ করার তিন দিন পার হলেও পুলিশ কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি বলে ভুক্তভোগী পরিবার দাবি করেছে। উল্টো স্থানীয় কিছু ব্যক্তি তাদের ওপর অভিযোগ তুলে নেওয়ার জন্য চাপ দিচ্ছেন বলে জানা গেছে। তবে আব্দুল হাদীর পরিবারের পক্ষ থেকে এসব অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করা হয়েছে।

জয়দেবপুর থানার উপপরিদর্শক (এসআই) সুজন রঞ্জন তালুকদার জানান, প্রাপ্ত অভিযোগটি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষ হলে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আশ্বস্ত করেন। অপরাধের এমন ধরন এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং স্থানীয়রা দ্রুত বিচার দাবি করেছেন।

ফন্ট
লাইন
সেভ