প্রচ্ছদ সারাদেশ লিচু চুরি করতে বাঁধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হত্যা

লিচু চুরি করতে বাঁধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হত্যা

ডেইলি গাজীপুর ডেস্ক

ফরিদপুরের সালথা উপজেলায় বাগান থেকে লিচু চুরি করতে বাধা দেওয়াকে কেন্দ্র করে মো. আজিজুল মোল্যা (৬৫) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনাও ঘটে।

বুধবার (১৩ মে) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বল্লভদী ইউনিয়নের ফুলবাড়িয়া বাজারে এ ঘটনা ঘটে। নিহত আজিজুল মোল্যা ফুলবাড়িয়া গ্রামের গুপিনগর পাড়ার মৃত মানো মোল্যার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেলে আজিজুল মোল্যার লিচু বাগান থেকে গোপনে লিচু পাড়ছিল পাশের সোনাপুর ইউনিয়নের চরবাংরাইল গ্রামের মোশারফ মুন্সির ছেলে সাকিল মুন্সি ও তুষার মুন্সি। এ সময় বাগান মালিকের ছেলে আকরাম মোল্যা তাদের বাধা দিলে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সাকিল ও তুষার আকরামকে মারধর করে বলে অভিযোগ ওঠে।

আরও খবর

দেশজুড়ে আবহাওয়ার বড় পরিবর্তনের ইঙ্গিত: আবহাওয়া অধিদপ্তর

১৫ এপ্রিল ২০২৬
Daily Gazipur

পরে সন্ধ্যায় আজিজুল মোল্যা স্থানীয় ফুলবাড়িয়া বাজারে গিয়ে ছেলেকে মারধরের বিষয়ে জানতে চাইলে ফের তর্কে জড়িয়ে পড়েন অভিযুক্তদের সঙ্গে। একপর্যায়ে সাকিল ও তুষার বাঁশের লাঠি দিয়ে আজিজুলের ওপর হামলা চালায়। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তিনি।

স্থানীয়রা তাকে উদ্ধার করে ফরিদপুর হার্ট ফাউন্ডেশন হাসপাতালে নিয়ে গেলে রাত ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে নিহতের স্বজন ও সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। অভিযোগ রয়েছে, ক্ষুব্ধ লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অভিযুক্তদের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে। রাত ১০টা পর্যন্ত ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছিল বলে স্থানীয়রা জানিয়েছেন।

ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) মুহম্মদ আল ফাহাদ বলেন, “লিচু পাড়াকে কেন্দ্র করে বিরোধের জেরে এক ব্যক্তিকে মারধর করা হয়। পরে হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান। ঘটনায় জড়িতদের শনাক্তে কাজ চলছে এবং দ্রুতই অভিযুক্তদের গ্রেপ্তার করা হবে।”

ফরিদপুরের পুলিশ সুপার মো. নজরুল ইসলাম জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সালথা থানা পুলিশের পাশাপাশি অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

ফন্ট
লাইন
সেভ