প্রচ্ছদ গাজীপুর হাতকড়া খুলে দৌড়ে পালানো ৩২ মামলার আসামি ফের ধরা, অভিযান নিয়ে পৃথক বিজ্ঞপ্তি

হাতকড়া খুলে দৌড়ে পালানো ৩২ মামলার আসামি ফের ধরা, অভিযান নিয়ে পৃথক বিজ্ঞপ্তি

ডেইলি গাজীপুর ডেস্ক

গাজীপুর আদালতের গারদখানা থেকে পালিয়ে যাওয়া ডাকাতিসহ ৩২ মামলার আসামি মো: সম্রাট মণ্ডল (২৮)-কে যৌথ অভিযানে গ্রেপ্তার করেছে র‌্যাব-১ ও র‌্যাব-১৪। সোমবার দিবাগত রাত ১২টা ১০ মিনিটে ময়মনসিংহের কোতোয়ালী থানার কাশর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার (২১ জুলাই) র‌্যাব-১-এর গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অন্যদিকে, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) থেকে পাঠানো পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সদর থানার ওসি (তদন্ত) মেহেদী হাসানের নেতৃত্বে থানার চৌকস কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত একটি বিশেষ দল এবং র‌্যাব-১৪-এর যৌথ প্রচেষ্টায় সম্রাট মণ্ডলকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে তিনি সদর থানা পুলিশের হেফাজতে রয়েছেন। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

আরও খবর

গাজীপুরে ১৩২ বোতল বিদেশি মদসহ আটক ৪

১৮ মে ২০২৬
Daily Gazipur

জিএমপির দাবি, পুলিশ হেফাজত থেকে পালিয়ে যাওয়ার মাত্র ৯ ঘণ্টার মধ্যেই সম্রাটকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।

এদিকে র‌্যাব-১-এর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গাজীপুর আদালত পুলিশের নিয়ন্ত্রণাধীন গারদখানা থেকে পালিয়ে যাওয়ার ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে সম্রাটকে আইনের আওতায় আনা হয়েছে। সোমবার আদালতের গারদখানার রিসিভ ডেস্কের ডান পাশে অন্যান্য আসামিদের সঙ্গে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকার সময় তিনি কৌশলে হাতের হ্যান্ডকাফ খুলে দৌড়ে পালিয়ে যান।

ঘটনাটি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিলে র‌্যাব তাৎক্ষণিকভাবে বিষয়টি গুরুত্বের সঙ্গে আমলে নিয়ে ছায়া তদন্ত শুরু করে। তদন্তের ধারাবাহিকতায় র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহায়তা এবং গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাত ১২টা ১০ মিনিটে ময়মনসিংহের কোতোয়ালী থানার কাশর এলাকায় অভিযান পরিচালনা করে পলাতক সম্রাট মণ্ডলকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া মো: সম্রাট মণ্ডল (২৮) জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার তাত্তাপাড়া এলাকার দুলাল মণ্ডলের ছেলে। তিনি গাজীপুর মহানগরীর গাছা থানাধীন তারগাছ বড়বাড়ী এলাকায় বসবাস করে আসছিলেন। তার বিরুদ্ধে ডাকাতিসহ মোট ৩২টি মামলা রয়েছে।

ফন্ট
লাইন
সেভ