যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নৃশংস হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ দেশে এসে পৌঁছেছে। আজ সোমবার (৪ মে) সকাল ৮টা ৪৭ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তার মরদেহ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনা হয়।
বিমানবন্দরে লিমনের মরদেহ তার পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। এই সময় তিনি বলেন, সরকার এই হত্যাকাণ্ডের বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে দেখছে এবং যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে নিয়মিত যোগাযোগ রাখছে। খুনিদের দ্রুত শনাক্ত করে শাস্তির আওতায় আনতে সরকার সব ধরণের সহযোগিতা করবে।
প্রতিমন্ত্রী আরও জানান, প্রধানমন্ত্রীর নির্দেশেই তিনি আজ বিমানবন্দরে উপস্থিত হয়েছেন। এই হত্যার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাস এবং মিয়ামি কনস্যুলেট সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে।
মেগা প্রকল্পের ঋণের বোঝা এখন ২০ কোটি মানুষের ওপর: তারেক রহমান
১১ মে ২০২৬
জামিল আহমেদ লিমন ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় ভূগোল ও পরিবেশবিজ্ঞান বিষয়ে পিএইচডি করছিলেন। গত ১৬ এপ্রিল তিনি এবং একই বিশ্ববিদ্যালয়ের আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি নিখোঁজ হন। নিখোঁজের ১০ দিন পর ২৪ এপ্রিল লিমনের মরদেহ উদ্ধার করে দেশটির পুলিশ।
এদিকে একই ঘটনায় নিহত নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া এখনো চলছে। আগামী ৬ মে যুক্তরাষ্ট্রের টাম্পায় তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। আইনি প্রক্রিয়া শেষ করে দ্রুতই তার মরদেহ স্বজনদের কাছে পাঠানো হবে বলে জানিয়েছে দূতাবাস। গত রবিবার ফ্লোরিডার একটি জলাশয় থেকে বৃষ্টির মরদেহের অংশবিশেষ উদ্ধার করা হয়েছিল। মেধাবী দুই শিক্ষার্থীর এমন মৃত্যুতে পরিবার ও সহপাঠীদের মাঝে গভীর শোক বিরাজ করছে।
