ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য চূড়ান্ত মনোনয়ন তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ঘোষিত তালিকায় আলোচিত মডেল ও অ্যাক্টিভিস্ট ফারজানা সিঁথির নাম না থাকায় বিষয়টি নিয়ে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তালিকা অনুযায়ী কয়েক ডজন নারী প্রার্থীকে সংরক্ষিত আসনের জন্য চূড়ান্ত করা হয়েছে।
চূড়ান্ত তালিকায় মনোনয়ন পাওয়া প্রার্থীদের মধ্যে রয়েছেন—সেলিমা রহমান, শিরিন সুলতানা, রাশেদা বেগম হিরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আর্লি, ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, শাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নিলুফার চৌধুরী মনি, নিপুণ রায় চৌধুরীসহ আরও অনেকে।
সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত!
১৯ এপ্রিল ২০২৬
ফারজানা সিঁথি নিজেও মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তিনি জানান, তিনি নড়াইল-২ আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন এবং চূড়ান্তভাবে মনোনীত হওয়ার বিষয়ে আশাবাদী ছিলেন। তবে শেষ পর্যন্ত ঘোষিত তালিকায় তার নাম অন্তর্ভুক্ত হয়নি।
ফারজানা সিঁথির জন্মস্থান যশোর। তিনি আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা ‘দ্য হাঙ্গার প্রজেক্ট, বাংলাদেশ’-এর বরগুনা সদর শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি তিনি গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লায়েড হিউম্যান সায়েন্সের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
এর আগে ২০২৪ সালের ১৬ আগস্ট শাহবাগ থানার একটি ঘটনার পর সেনাবাহিনীর এক কর্মকর্তার সঙ্গে বাকবিতণ্ডার ঘটনায় তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় আসেন এবং ভাইরাল হন।
এছাড়া তিনি কণ্ঠশিল্পী আসিফ আকবরের মিউজিক ভিডিও ‘ইচ্ছেরা’ (বাংলা সংস্করণ) এবং ‘বেপানা দিল’ (হিন্দি সংস্করণ)-এ মডেল হিসেবেও কাজ করেছেন। বর্তমানে তাকে অ্যাক্টিভিস্ট ও মডেল হিসেবে পরিচিত করা হয়।
রাজনৈতিক তালিকায় তার অনুপস্থিতি নিয়ে সমর্থক ও আলোচকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।
