গাজীপুরের শ্রীপুর উপজেলায় এক রাতে শিয়ালের কামড়ে অন্তত ১৪ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুইজন শিশু রয়েছে। শনিবার (১১ জুলাই) রাতে উপজেলার গোসিঙ্গা ইউনিয়ন ও পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে পৃথক ঘটনায় এ হামলার ঘটনা ঘটে। আহতরা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। ঘটনার পর এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।
আহতরা হলেন, মো. আকাশ (১৩), নাঈম (১১), মাজেদা (৪৫), রোজিনা (৩৬), হেলেনা আক্তার (৪০), আশরাফুল ইসলাম (২৬), শেফালী (৩৪), সাইফুন্নাহার (২৩) ও আরাফ (১৪)। বাকি পাঁচজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
স্থানীয় বাসিন্দারা জানান, গত কয়েকদিন ধরে লোকালয়ে শিয়ালের আনাগোনা বেড়ে গেছে। সন্ধ্যার পরপরই শিয়াল বসতবাড়ি ও সড়কে চলে আসছে। শনিবার রাতে রাস্তায় চলাচলের সময় কয়েকজনকে কামড়ে আহত করার পাশাপাশি একটি বাড়িতে ঢুকে এক নারীকে গুরুতর জখম করে।
গাজীপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৩০ জনকে আটক করেছে পুলিশ
২৮ এপ্রিল ২০২৬
গোসিঙ্গা ইউনিয়নের বাসিন্দা আজাহারুল ইসলাম বলেন, গত কয়েকদিন ধরে এলাকায় শিয়ালের উপদ্রব বেড়েছে। সন্ধ্যার পর লোকালয়ে চলে আসে। একদিনেই অনেক মানুষকে কামড়ে আহত করেছে। শিশুদের নিরাপত্তা নিয়ে আমরা খুবই উদ্বিগ্ন।
পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের ভাংনাহাটি গ্রামের বাসিন্দা আব্দুল কাদির বলেন, ভাংনাহাটি কামিল মাদ্রাসা সংলগ্ন একটি বাড়িতে ঢুকে শিয়াল দুই নারীকে কামড়ে আহত করেছে। এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আলী আজগর সোহাগ জানান, শনিবার রাত পর্যন্ত শিয়ালের কামড়ে আহত অন্তত ১৪ জন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। আহতদের প্রয়োজনীয় চিকিৎসা ও জলাতঙ্ক প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
স্থানীয়রা দ্রুত শিয়ালের উপদ্রব নিয়ন্ত্রণে বন বিভাগ ও সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
