জ্বালানি তেলের দাম বৃদ্ধির পরও পেট্রোল পাম্পগুলোতে পর্যাপ্ত সরবরাহ না থাকায় গাজীপুরে মোটরসাইকেলের দীর্ঘ লাইন দেখা যাচ্ছে। এতে সাধারণ বাইকারদের পাশাপাশি পাঠাও চালক ও ডেলিভারি কর্মীরা চরম ভোগান্তিতে পড়েছেন।
সরেজমিনে দেখা গেছে, গাজীপুর মহানগরের বিভিন্ন পেট্রোল পাম্পে মোটরসাইকেলের দীর্ঘ সারি। চালকরা ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও চাহিদা অনুযায়ী তেল নিতে পারছেন না। অধিকাংশ পাম্পে সরবরাহ বন্ধ বা সীমিত থাকায় যে কয়েকটি পাম্পে তেল পাওয়া যাচ্ছে, সেখানে বাইকের লাইন কয়েক কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হচ্ছে।
বাইকারদের অভিযোগ, কোনো পেট্রোল পাম্পেই ট্যাংকি পূর্ণ করে তেল দেওয়া হচ্ছে না। ফলে প্রয়োজনীয় জ্বালানি সংগ্রহ করতে না পেরে তারা বারবার লাইনে দাঁড়াতে বাধ্য হচ্ছেন।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির গাড়ি গতিরোধ ও সংঘর্ষ: শিক্ষার্থীসহ আহত ৩৫
০৬ এপ্রিল ২০২৬
ভুক্তভোগী এক মোটরসাইকেল চালক ডেইলি গাজীপুর-কে বলেন, “তেলের দাম বাড়ার পর ভেবেছিলাম সরবরাহ স্বাভাবিক হবে এবং সহজেই প্রয়োজনীয় তেল পাওয়া যাবে। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। এতে সময় নষ্ট হচ্ছে, কাজেও ক্ষতি হচ্ছে।”
একজন ডেলিভারি কর্মী জানান, পর্যাপ্ত জ্বালানি না পাওয়ায় তার কাজ ব্যাহত হচ্ছে এবং আয় কমে যাচ্ছে। “সময়মতো ডেলিভারি দিতে না পারলে গ্রাহক হারানোর ঝুঁকিও তৈরি হচ্ছে,” যোগ করেন তিনি।
স্থানীয় সূত্রে জানা গেছে, কিছু পাম্পে সরবরাহ সংকট এবং ব্যবস্থাপনার দুর্বলতার কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, বাড়তি চাহিদা মোকাবেলায় অকটেন সরবরাহ বৃদ্ধি এবং জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। দ্রুত সময়ের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হবে বলেও আশা প্রকাশ করা হয়েছে।
এদিকে, ভুক্তভোগীরা বলছেন, তেলের দাম বৃদ্ধির পরও যদি সরবরাহ স্বাভাবিক না হয়, তাহলে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বাড়বে। তাই দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
