জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
আজ সকাল ১১টায় সারাদেশের ১৩৮টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা শুরু হয়। এক ঘণ্টাব্যাপী এমসিকিউ পদ্ধতির পরীক্ষা বেলা ১২টায় শেষ হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিপুল সংখ্যক শিক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ সকালে টঙ্গী সরকারি কলেজ কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় তিনি পরীক্ষার সার্বিক পরিবেশে সন্তোষ প্রকাশ করেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
এ বছর দেশের ৮৮০টি কলেজে ভর্তির লক্ষ্যে মোট ৪ লাখ ৫৩ হাজার ১৪৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছেন। এর মধ্যে সরকারি কলেজ রয়েছে ৩৭৫টি এবং বেসরকারি কলেজ ৫০৫টি।
বিভাগভিত্তিক কেন্দ্রের সংখ্যা অনুযায়ী,ঢাকা মহানগরীতে ১৮টি, ঢাকা বিভাগে ২৭টি, বরিশাল বিভাগে ১৩টি, চট্টগ্রাম বিভাগে ২৩টি, খুলনা বিভাগে ১৮টি, রাজশাহী বিভাগে ১৭টি, রংপুর বিভাগে ১৩টি এবং সিলেট বিভাগে ৯টি কেন্দ্র স্থাপন করা হয়।
উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ জানান, সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে পরীক্ষা সম্পন্ন হয়েছে এবং ফলাফল নির্ধারিত সময়ের মধ্যেই প্রকাশ করা হবে।
###
গাজীপুর
২৫ এপ্রিল ২০২৬
