গাজীপুর জেলায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের জন্য হামের টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। সোমবার (২০ এপ্রিল ২০২৬) সকালে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মোঃ মজিবুর রহমান। তিনি বলেন, শিশুদের সুস্থতা ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে টিকাদান কর্মসূচির বিকল্প নেই। সকল অভিভাবককে তাদের সন্তানদের নির্ধারিত সময়ে টিকা দেওয়ার আহ্বান জানান তিনি।
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, এ কর্মসূচির আওতায় গাজীপুর জেলার মোট ৯৩৪টি টিকাকেন্দ্রে একযোগে টিকাদান কার্যক্রম পরিচালিত হচ্ছে। এ সময়ে জেলার প্রায় ৩ লাখ ৮১ হাজার ৭৬৮ জন শিশুকে হামের টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
আরও খবরনৈতিকতা ছাড়া স্বাস্থ্যখাতের সুফল মিলবে না
০৭ এপ্রিল ২০২৬![]()
সকাল থেকেই বিভিন্ন টিকাকেন্দ্রে শিশুদের নিয়ে ভিড় করেন অভিভাবকরা। স্বাস্থ্যকর্মীরা যথাযথভাবে শিশুদের টিকা প্রদান করছেন এবং সচেতনতা বৃদ্ধিতে কাজ করছেন।
জেলা স্বাস্থ্য বিভাগ আশা করছে, এই কর্মসূচির মাধ্যমে হামের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমে আসবে এবং শিশুদের স্বাস্থ্য সুরক্ষা আরও জোরদার হয়।
গাজীপুরে শুরু হলো শিশুদের হামের টিকাদান কর্মসূচি, লক্ষ্য ৩ লাখ ৮১ হাজার শিশু
ডেইলি গাজীপুর ডেস্ক
